স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে ঢাকায় অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা অনুষ্ঠিত - Western Pre-Cadet School

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে ঢাকায় অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা অনুষ্ঠিত

প্রকাশিত: September 13, 2026
শিক্ষার্থীদের স্বপ্ন নির্মাণ, মানসিক বিকাশ, সুশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা’।

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে মহতী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষা, সন্তান প্রতিপালন, আত্মবিশ্বাস, প্রযুক্তি ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপাশা ইয়াসমীন এবং সাবেক কলেজ শিক্ষক ও সংস্কৃতির খেয়ার পরিচালক সরকার আমিরুল ইসলাম।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক সাওয়াদ বিন পারভেজ এবং বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।

বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাদের আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিশুদের মনে বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারলেই তারা আগামী দিনের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
সংবাদে ফিরে যান