শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা - Western Pre-Cadet School

শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

প্রকাশিত: November 14, 2026
শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

শিশুদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে স্বপ্নশীলন স্কুলের অনবদ্য উদ্যোগ

শরতের আবেশ এখনো শেষ হয়নি। হেমন্তের হাওয়ায় প্রকৃতিতে লেগেছে হালকা শীতের আমেজ। কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা আর প্রকৃতির নান্দনিক রূপকে শিশুদের কল্পনায় রাঙিয়ে তুলতেই এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’।

স্বপ্নশীলন স্কুলের উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় আগারগাঁও, তালতলা ও মিরপুর এলাকার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে। সকাল থেকেই শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্বপ্নশীলন প্রাঙ্গণ।

সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা। এ সময় তিনি শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চা ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নে স্বপ্নশীলন স্কুলের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পি, পুলিশ সুপার (আরআরএফ, খুলনা) ফয়েজ আহমেদ, লায়ন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল এর ইমিডিয়েট পাস্ট গভর্নর মাসুমুজ্জ্জামান মাসুম, রেডিও উপস্থাপক ও লেখক মশিউর রহমান শান্ত, সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন।

এ ছাড়া শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন লেখক ও গবেষক ড. রেহনুমা করিম ও জাদুশিল্পী এসএম ওয়ালিদ। বক্তারা শিশুদের স্বপ্ন দেখতে, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে এবং নিজেদের প্রতিভা বিকাশে নিয়মিত চর্চা করার আহ্বান জানান। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, সৌহার্দ্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বপ্নশীলন স্কুলের অধ্যক্ষ তাহমিনা আক্তার। আরএফএল গুডলাক ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সমন্বয় করেন স্বপ্নশীলন স্কুলের পরিচালক তারেক আহমেদ ও মিরাজুল ইসলাম।
সংবাদে ফিরে যান